মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২
ইউ পি এ-২ থেকে বেড়িয়ে এল তৃণমূল
নিউজ ডেস্ক, কলকাতা, ১৮ই সেপ্টেম্বর(www.bengalinews.net)- শেষ পর্যন্ত ইউপিএ-২ মন্ত্রিসভা থেকে বেড়িয়ে এল তৃণমূল। আজ সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল নেত্রী জানিয়েছেন আগামি শুক্রবার বিকেল তিনটায় তৃণমূলের রেল মন্ত্রী মুকুল রায় সহ অন্য প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ইস্তফা পত্র তুলে দেবেন।
ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে ইউ পি এ সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করার হুমকি দিলেও তৃণমূল কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে গেছেন। কিন্তু আজকের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ইউ পি এ। ইউ পি এ-এর বৃহত্তম শরীক মন্ত্রীসভা থেকে বেড়িয়ে এলে অকাল নির্বাচনও প্রায় সম্ভাব্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার।
এফডিআই, এলপিজি, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রথম থেকেই তোপ দেগেছিল তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্ত প্রত্যাহারে কেন্দ্রকে বাহাত্তর ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছিল তৃণমূল। সোমবারই শেষ হয়ে গিয়েছে সেই সময়সীমা। পরবর্তী রণকৌশল স্থির করতে আজ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে টাউনহলে। মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নাকি শুধুই বিক্ষোভ আন্দোলন করে চাপ! কী সিদ্ধান্ত নেবে তৃণমূল? তা নিয়েই জল্পনা কল্পনা ছিল তুঙ্গে।
রণকৌশল স্থির করতে আজ বিকেল পাঁচটায় টাউন হলে দলের ওর্য়াকিং কমিটির বৈঠকে দলের মন্ত্রী, সাংসদ, রাজ্যমন্ত্রী সভার সদস্য, এমএলএ সহ গুরুত্বপূর্ণ প্রায় সব নেতারাই হাজির ছিলেন। আগে বহুবার মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিলেও চরম সিদ্ধান্ত কখনই নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের জল্পনা, ছিল মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরেও আসতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল এই ধরনের সিদ্ধান্ত নেবে তা কখনই টের পায়নি স্বয়ং ইউ পি এ নেতৃত্বও।
আজ দীর্ঘ বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লা কেলেঙ্কারি থেকে গা বাঁচাতে এই এফ ডি আই ইস্যুকে তুলে এনেছে কংগ্রেস। তিনি নিজে উনার সিদ্ধান্তের কথা জানিয়ে ফোন করেছিলেন সোনিয়া গান্ধী কে। কিন্তু ইউ পি এ নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রীসভা থেকে বেড়িয়ে আসা ছাড়া আর কোন পথ নেই তৃণমূলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এফ ডি আই ইস্যু সহ পেনশন নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত এবং পেট্রো পণ্যের মুল্য বৃদ্ধির মতো জনস্বার্থ বিরোধী ইস্যুতে তৃণমূল নেই ইউ পি এ-২ সরকারের সাথে।
সবমিলিয়ে আবারও অকাল ভোটের বাজনা কিন্তু বেজে উঠল দিল্লিতে। এখন এটাই দেখার ইউ পি এ সরকার তাদের সিদ্ধান্ত থেকে বেড়িয়ে আসেন, না অন্য কোন রফাসুত্র বেড় করে জোটের বৃহত্তম শরীককে আবার সরকারে নিয়ে আসে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন