Bengalinews
Struggle For Existence
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
কেন্দ্র বিরোধিতায় একজোট বাম, বিজেপি, তৃণমূল
নিউজ ডেস্ক, নিউ দিল্লি, ৫ই অক্টোবর(www.bengalinews.net)- বিমা এবং পেনশন ফান্ডে বিদেশি লগ্নির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিরোধিতায় সরব বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে ইউপিএ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে বাম দলগুলি। ইউপিএ-২ এর এককালের শরিক তৃণমূল কংগ্রেসও মন্ত্রিসভার সাম্প্রতিক সীদ্ধান্তের সমালোচনায় সোচ্চার। বিমায় বিদেশি বিনিয়োগে সায় থাকলেও , পেনশনে এফডিআইয়ের বিরোধিতায় সরব বিজেপি'ও।
এনডিএ সরকারের আমলে বিমায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করলেও, এবার কিন্তু সেই পথেই হাঁটল কংগ্রেস। বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই দ্বিতীয় ইউপিএ সরকারে কড়া সমালোচনা করল বিজেপি। তাদের দাবি, পেনসনে বিদেশি বিনিয়োগ হলে যে সব শ্রমিক পেনশন পান, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই আশঙ্কায় এনডিএ আমলে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু এখন পেনশনে বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়া হলে, সরকারকে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
এনডিএর'র আহ্বায়ক তথা জেডিইউ নেতা শরদ যাদবের দাবী, পরপর এই ধরনের পদক্ষেপ নিয়ে বিদেশি পুঁজির কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। পেনশন, বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাড়ানো হয়েছেবিনিয়োগের পরিমাণ। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। সংসদের ভেতরে এবং বাইরে বামেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংসদ সৌগত রায় জানিয়েছেন, দ্বিতীয় ইউপিএ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চলবে।
সরকারের পক্ষে সাফাই দিতে গিয়ে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, দেশের স্বার্থে সংস্কার চলবে। প্রধানমন্ত্রী আগেই এই বার্তা দিয়েছিলেন। সেই লক্ষ্যেই বিমা ও পেনসনে বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত সরকারের।
তবে বিমা ও পেনসনে বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিলেও, বাম, বিজেপি এবং তৃণমূলের বিরোধিতায় সংসদে সরকারের পক্ষে সেই বিল পাশ করানো কঠিন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পেনশনে ২৬ শতাংশ বিদেশী বিনিয়োগ, এবার লক্ষ্য বিমাক্ষেত্র
মোনালিসার খোঁজে এবার শুরু কবর খোঁড়ার কাজ
ফ্লোরেন্স, ৪ অক্টোবর(www.bengalinews.net)- তার হাসি বিশ্ব চেনে। মানুষটিকে নয়। সেই রহস্যময়ীর পরিচয় জানতেই তোলপাড় এ বার ফ্লোরেন্সের এক সমাধিস্থলে। শুরু হয়েছে খোঁড়াখুঁড়ির অভিযান।
মোনা লিসা। শিল্পের ইতিহাস বিশেষজ্ঞরা বহু দিন ধরেই বলে আসছেন, লিওনার্দো দা ভিঞ্চি'র এই ছবির প্রেরণা লিসা গেরারদিনি। ফ্লোরেন্সের প্রখ্যাত রেশম ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল গিওকোন্দোর স্ত্রী। যদিও এই দাবির সমর্থনে তেমন প্রমাণ মেলেনি কখনওই। অনেকে আবার মনে করেন, লিসার সৌন্দর্যকে মূলধন করে মোনা লিসাকে আঁকলেও তাতে মিশে রয়েছে এক তরুণের আদল! তিনি হলেন দা ভিঞ্চির সহকারী গিয়ান গিয়াকোমো ক্যাপ্রোত্তি। গবেষকদের একাংশের দাবি, এই গিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দ্য ভিঞ্চির। 'সালাই' অর্থাৎ খুদে শয়তান নামে ডাকতেন তাঁকে।
আর এই তর্কের মীমাংসা করতেই এ বছর এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এই কবর খোঁড়ার অভিযান। উদ্দেশ্য লিসা গেরারদিনির কবর খুঁজে বের করা। গবেষকদের বক্তব্য, কবর থেকে গেরারদিনির খুলি উদ্ধার করা গেলেই সমাধান সম্ভব এই রহস্যের। ইতালির 'ন্যাশনাল কমিটি ফর দ্য প্রোমোশন অফ হিস্টোরিক অ্যান্ড কালচারাল হেরিটেজ' এর প্রধান সিলভানো ভিনসেটির ব্যাখ্যা, প্রযুক্তির সাহায্যে এখন অনেক কিছুই সম্ভব। খুলিটি পাওয়া গেলে কম্পিউটারেই এঁকে ফেলা যাবে তার মালিকের চেহারা।
সে ছবির সঙ্গে আসল মুখের মিল থাকবে কতটা এনিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। সিলভানো ভিনসেটি'র বক্তব্য, খুব বেশি হলে ৪ থেকে ৮ শতাংশ হেরফের হতে পারে আসল মুখের সঙ্গে। তাতে খুব বেশি অসুবিধা হবে না। গেরারদিনির দেহাবশেষ মিললে অনায়াসেই দেখে নেওয়া যাবে কেমন দেখতে ছিলেন ষোড়শ শতকের ওই মহিলা। ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে আঁকা মোনা লিসার সঙ্গেই বা তাঁর মিল কতটা। হিসেব করা যাবে কতটাই বা মিশে আছে দা ভিঞ্চির সেই সহকারী গিয়ানের আদল। এই তরুণের বেশ কিছু ছবি এঁকেছিলেন শিল্পী। যার কয়েকটিতে মেয়েলি আদল বেশ স্পষ্ট।
আপাতত চলছে গেরারদিনির আসল আদলের খোঁজ। ফ্লোরেন্স শহরের সেন্ট ওরসোলা কনভেন্টে। গবেষকদের ধারণা, গেরারদিনির দুই মেয়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছিলেন। তাঁরা এই কনভেন্টে থাকতেন। গেরারদিনিও তাঁর জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন এখানেই। ফলে এখানেই তাঁর সমাধি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
প্রত্নতত্ত্ববিদ আইরেন বাল্ডির কথায়, 'আমাদের কাজের প্রথম পর্যায় হল প্রতিটি কবর থেকে দেহাবশেষ খুঁজে বের করা। এর পাশাপাশি চলছে সে সময় কী ভাবে কবর দেওয়া হতো সেই রীতিনীতি সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করার কাজ। খোঁজা হচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর। যেমন সে যুগে, সাধারণ কাঠের কফিনে নাকি, বিশেষ কোনও আধারে সমাধি দেওয়া হত? মাথার নীচে কি বালিশ দেওয়া হত? এখান থেকে মৃতদেহ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও ঘটনা কি ঘটেছিল? এই সব তথ্যগুলি ই খুঁজছি আমরা।'
কত দিনে এই প্রশ্নের উত্তর মিলবে, তা অবশ্য জানা নেই কারও।
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২
জিতেও টি-২০ থেকে বিদায় ভারতের
স্পোর্টস ডেস্ক, ২রা অক্টোবর(www.bengalinews.net)- টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রানে জিতলেও নেট রান রেটের হিসাবে বিদায় নিল ভারত।
এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।
শেষ চারে যাওয়ার লড়াইটা সরাসরি ভারত এবং পাকিস্তানের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল। সেই লড়াইয়ে হার হল ভারতের।
খেলা শুরুর আগেই ধোনিরা জানতেন সেমিফাইনালে উঠতে হলে ৩১ রানের ব্যবধানে জিততে হবে। কিন্তু প্রথমে ব্যাটিং করে সুবিধা করতে না পারার পারার কারনে হারল ভারত। ১৫১ রান করার পর প্রতিযোগিতায় আগেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাকে ১২১ রানের মধ্যে গুটিয়ে রাখতে হত। কিন্তু টি টোয়েন্টিতে এই শক্ত কাজটা জাহির, অশ্বিন, ধোনি, জুবরাজ'রা করতে পারলেন না।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হলেও বাকি সব বারই ধোনিরা হতাশ করেছেন। এবারও তাই হল।
আজ সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে জিতল ভারত। একসময় মনে হয়েছিল হেরেই যাচ্ছে ভারত। জঘন্য ব্যাটিং লাইন আপ। কিন্তু শেষ বাজিটা জিতল ভারতই। নতুন করে শুরু হল হিসেব নিকেশ। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া কে হারিয়ে দিয়েছে পাকিস্তান। তাই ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে আগাগোড়াই যথেষ্ট দুশ্চিন্তায় ছিল।
কিন্তু শেষ রক্ষা হলোনা।
বাংলাদেশের রামুতে উদ্বেগ, আতঙ্ক এখনও কাটেনি
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম, ২রা অক্টোবর (www.bengalinews.net)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসে বহিরাগত সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ দিয়েছিল আশপাশের কিছু লোকজনও। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতিগুলোয় কড়া নিরাপত্তা ব্যবস্থাতেও তাই বাসিন্দাদের উদ্বেগ কাটেনি।
রামু ও উখিয়ার বিভিন্ন বৌদ্ধ এলাকয় দেখা গেছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে সন্দেহ, অবিশ্বাস আর আস্থাহীনতা। আশেপাশের এলাকার লোকজন বাইরে থেকে আসা উগ্রপন্থীদের সাথে হামলায় অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয় মানুষ।
ধর্মীয় উস্কানিতে মন্দির ও বসতঘরে হামলার পর থেকে রামুর মেরংলোয়া পাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার পশ্চিম মরিচ্যা, কোর্ট বাজার এলাকার বৌদ্ধ পরিবারগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে এখনও সন্ত্রস্ত।
প্রসঙ্গত, ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালার্য়র্ ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে। মেরংলোয়া পাড়া সীমা রাজবন বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, 'আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যাদের সাথে দীর্ঘদিন একসাথে বাস করছি তাদের কাউকে কাউকে আর বিশ্বাস করতে, তাদের ওপর আস্থা রাখতে পারছি না।'এলাকায় সেনাবাহিনীর টহল, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের উপস্থিতি থাকলেও তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছেন না বলে জানান তিনি।
উখিয়া কোটবাজার এলাকার বাসিন্দারা জানান, ধর্মীয় মৌলবাদী একটি গোষ্ঠীর উস্কানিতে রোহিঙ্গারাও এ হামলায় অংশ নিয়েছে। এখানে রোববার রাতে ভেঙ্গে দেয়া হয় শাসনতীর্থ সুদর্শন বিহার।
এদিকে, রামুর মেরং লোযাপাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার কোটবাজার, মরিচ্যা এলাকায় পুড়িয়ে দেয়া বসতঘরের লোকজনদের মাঝে প্রশাসন ও সেনাবাহিনীর তরফ থেকে ত্রাণ দেয়া হয়েছে। দেয়া হয়েছে থাকার জন্য তাঁবুও।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের অনেকেই রোববার রাতে নিরাপত্তার অভাবে পালিয়েছেন এলাকা ছেড়ে।
এদিকে এই ঘটনায় সারা বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২
মধু পূর্ণিমায় বাংলাদেশে রাতভর তাণ্ডব বৌদ্ধ বসতিতে
টিএসআর কান্ডের তদন্তে সি আই ডি, প্রেম না অন্য কোন রহস্য অন্তরালে!
নিউজ ডেস্ক, আগরতলা, ২৯ সেপ্টেম্বর(www.ben)- টি এস আর কান্ডের তদন্তভার রাজ্য সরকার শেষ পর্যন্ত তুলে দিল সি আই ডি'র উপর। এদিকে গোয়ালিয়রের যুবক টি এস আর-এ কর্মরত ঠাকুরদাসের অপহরণ, আত্মহত্যা নিয়ে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য।
ব্যর্থ প্রেম থেকেই আত্মহনন, অপহরণ, সন্ত্রাস চালিয়েছিল গোয়ালিয়রের যুবক ত্রিপুরায় কর্মরত ঠাকুরদাস পল আপাতত এটাই দাবী পুলিশের। প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আর তাই প্রেমিকার বাড়িতে পৌঁছুতেই ঢাল বানিয়েছিল পুলিশের সাব ইন্সপেক্টর দেবাশিষ সাহা সহ গাড়ীর চালককে। কিন্তু শেষ রক্ষা হলোনা। প্রেমিকার বাড়িতেই নিহত হতে হলো ত্রিপুরা স্টেট রাইফেলে কর্মরত জওয়ান ঠাকুরদাস কে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে রুটিন তল্লাশীতে বেড়িয়ে ছিল আগরতলা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর দেবাশিষ সাহা তিন টি এস আর জওয়ান কে নিয়ে পুলিশের একটি জিপসি তে করে। রাজধানীর ব্যাস্ততম কর্নেল চৌমুহনী এলাকায় পৌঁছুতেই টি এস আর জওয়ান নিজের সার্ভিস এ কে-৪৭ তাক করে এস আই দেবাশিসষ সাহা এবং জিপসি (টি আর- ০১-১০৩২) চালক দীলিপ দাশগুপ্তকে অপহরণ করে খোয়াই রাস্তা ধরে পালিয়ে যায়। অপহরণ করে যাওয়ার পথেও বেশ কয়েক রাঊন্ড গুলি চালায় ঐ টি এস আর জওয়ান। পথে তাকে আটকায় কল্যাণপুর হাজারিপাড়া টি এস আর ক্যাম্পের জওয়ান রা। সেখানেও সে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে গুরুতর আহত করে শফিক মোল্লাকে। এরপর সে রওয়ানা দেয় কল্যাণপুর থানাধীন তার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে। এরই মধ্যে পথে জিপসির তেল শেষ হয়ে গেলে সেই সুযোগ নিয়ে পালিয়ে আসে এস আই এবং গাড়ীর চালক। অবস্থা বেগতিক বুঝে মত্ত জওয়ান ও পালিয়ে যায় গভীর জঙ্গলে। এরপর দীর্ঘ পথ হেটেই রাত্রে সে পৌছায় কল্যাণপুর থানা এলাকার দুর্গাবাড়ীতে।
উল্লেখ্য টি এস আর ১১ নং ব্যাটেলিয়ানের জওয়ান গোয়ালিয়রের যুবক ঠাকুরদাস পল ২০০৬ সালেই যোগ দেয় টি এস আর -এর চাকরিতে। এই দুর্গা পুরেই প্রথম পোস্টিং হয় তার। ক্যাম্পের পার্শ্ববর্তী শরৎ চৌধুরী পাড়ারই প্রফুল্ল দেববর্মার মেয়ে সুমিতা দেববর্মার(আসল নাম পূর্ণিমা দেববর্মা) প্রেমে পড়ে যায় ঐ যুবক। কিন্তু মেয়েটি বরাবরই এই প্রস্তাব নাকচ করে এসেছে। একসময় এই ক্যাম্প থেকে অন্যত্র বদলি হয়ে গেলেও মেয়েটির সঙ্গে তার সখ্যতা ছিল ঠিক ঠাক। প্রায়ই কথা হতো দুজনের ফোনে। রতিয়া দ্বাদশ শ্রেনী স্কুলে পাঠরতা মেয়েটি এই সবই জানায় পুলিশ এবং সাংবাদিকদের। এরই মধ্যে ঠাকুরদাসের কাছে খবর আসে মেয়েটির বিয়ে আর এর পরই সব উল্টো পাল্টা হয়ে যায়। অপহৃত সাব ইন্সপেক্টর দেবাশিষ সাহাকেও আগরতলা থেকে খোয়াই যাওয়ার পথে মত্ত জওয়ান সেই আক্ষেপই করছিল। দেবাশিষ বাবু নিজেই জানান, ঠাকুরদাস বারবার বলছিল আমি মেয়েটিকে ভালবাসি, তার আজ বিয়ে, বিয়ে আটকাতেই হবে।
সেই রাতে প্রফুল্ল দেববর্মার বাড়িতে গিয়ে উঠে ঠাকুরদাস। সঙ্গে সঙ্গেই খবর চলে আসে পুলিশ এবং টি এস আর এর কাছে। সকালের মধ্যেই সমগ্র বাড়িটিকে ঘিরে ফেলে প্রায় দেড়শ টি এস আর এবং পুলিশ মিলে। ঠাকুরদাস কে বলা হয় আত্মসমর্পণ করতে। কিন্তু তার এ কে ৪৭ থেকে বেড়িয়ে আসে গুলি আহত হয় আরও এক জওয়ান গোপাল দেবনাথ। শেষে নিজেই নিজের রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা করে।
সেই সঙ্গে পরিসমাপ্তি হয় একটি শ্বাসরুদ্ধকর প্রেমের গল্পের। আর ঠিক এখান থেকেই শুরু নয়া বিতর্কের। বিরোধী নেতা রতন লাল নাথের অভিযোগ, 'পুলিশই হত্যা করেছে ঐ টি এস আর জওয়ান কে। ইতিমধ্যেই তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবী করেছেন ঘটনার। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, টি এস আর এবং পুলিশ নিজেদের অনেক চাঞ্চল্যকর তথ্য ঢাকতেই পরিকল্পিত ভাবে খুন করেছে ঐ টি এস আর জওয়ানকে।' শ্রীনাথের বক্তব্য, 'মেয়েটির বাবা প্রফুল্ল দেবনাথ, সিপিআইএম-এর উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদের শীর্ষনেতা এবং পিশি কিরণমালা দেববর্মা সিপিআইএম-এর রাজ্য কমিটির অন্যতম সদস্যা। একই বাড়িতে থাকেন দুজনেই। এই বাড়িতে প্রায়ই যেত ঠাকুরদাস, মেয়েটির সঙ্গে দেখা করতে। সেদিন মাঝ রাতে ঠাকুরদাস ঐ বাড়িতে গেলেও পুলিশকে না করে দেয়া হয় কেউ নেই বলে। কিন্তু সকাল না হতেই ফোন যায় প্রফুল্ল দেববর্মার কাছে। এবং এরপরই বিশাল টি এস আর বাহিনী ঐ বাড়িতেই হত্যা করে টি এস আর জওয়নাকে। যদিও মেয়েটি সেসময় বাড়িতে ছিলনা। পড়ে তাকে পুলিশী নিরাপত্তায় নিয়ে আসা হয় সেই বাড়িতে। এবং একটি সাজানো গল্প বলানো হয় মেয়েটির মুখ দিয়ে। এই সবই সিপি আই এম-এর চাল। আর এতেই স্পষ্ট রাজধানী আর রাজ্যের নিরাপত্তা বলতে কিছুই আর
অবশিষ্ট নেই।'
তবে
পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, সমগ্র ঘটনাটির এখনও তদন্ত চলছে। এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। নিহত জওয়ানের মৃতদেহ ময়না তদন্ত শেষে পাঠিয়ে দেয়া হবে গোয়ালিয়রে তার বাড়িতে। তবে পুলিশ যথেষ্ট গুরুত্বের সাথেই সমগ্র বিষয়টিকে দেখছে।
সবমিলিয়ে এখনও কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য রয়েছে রাজ্য রাজধানীতে। প্রকাশ্যে এক উর্দি পরিহিত জওয়ান যে কায়দায় অপহরণ করলো রাজধানীর বুক থেকে অপর পুলিশ অফিসারকে, এরপর টি এস আর-এর সঙ্গে বন্দুক যুদ্ধ একের পর এক শুধু প্রেমিকার জন্য তা সত্যিই সব ফিল্মি গল্পকেও হার মানায়। তবে মানুষ চিন্তিত রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়ে। কারন একই কায়দায় যে কোন মানুষ বা সন্ত্রাসবাদী চালাতে পারে এই ধরনের ত্রাস রাজ্য রাজধানী জুড়ে। বৃহস্পতিবার রাতে কিন্তু ভেঙ্গে পড়েছিল পুলিশি নিরাপত্তার যাবতীয় সব ব্যারিকেড।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)







