বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

পেনশনে ২৬ শতাংশ বিদেশী বিনিয়োগ, এবার লক্ষ্য বিমাক্ষেত্র


নিউজ ডেস্ক, নিউদিল্লি, ৪ অক্টোবর(www.bengalinews.net)- পেনশনে ২৬ শতাংশ বিদেশী বিনিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রের। মাস না ঘুরতেই আর্থিক সংস্কারের দিকে আরও এককদম এগিয়ে হাঁটল কেন্দ্র। বিমাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্দ্ধসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা এরই মধ্যে। বিমা ক্ষেত্রে এফডিআইয়ের পরিমাণ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে আজ মন্ত্রীসভার বৈঠকে। পেনশনে ২৬ শতাংশ পর্যন্ত বিদেশি লগ্নির প্রস্তাব নিয়েও আজ সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পারেখ কমিটির সুপারিশ অনুযায়ী টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সুপারিশ রয়েছে। পাশাপাশি বিদ্যুতের মাশুল এবং রেলের ভাড়াবৃদ্ধি সংক্রান্ত পারেখ কমিটির সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। এদিকে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নয়াচরের পেট্রো কেমিক্যাল প্রকল্প গড়ার সিদ্ধান্ত সম্ভবত বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ কালের মধ্যেই নয়াচর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। ২০০৯ সালে নয়াচরে পেট্রো রসায়ন শিল্পতালুক গড়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। দূষণ হবে, এই ইস্যুকে সামনে রেখে সেসময় প্রকল্পের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে একটি ইকো পার্ক তৈরির কথা বলেন তিনি। ক্ষমতায় আসার পর পেট্রো কেমিক্যাল প্রকল্প বাতিলের জন্য কেন্দ্রকে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত আটই ফেব্রুয়ারিও একটি চিঠি দিয়ে প্রকল্প বাতিল করতে বলে পশ্চিমবঙ্গ। এদিকে বিমা আর পেনশনের ক্ষেত্রে এফডিআই এর পরিমাণ বাড়তে পারে, এই আশঙ্কার মেঘ ঘনীভূত হওয়াতেই ফের সরব হয়েছেন বামেরা। তাঁদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে কার্যত নতিস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। পেনশনে বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ফলে, অবসরকালীন ভাতা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন