মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

বাংলাদেশের রামুতে উদ্বেগ, আতঙ্ক এখনও কাটেনি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম, ২রা অক্টোবর (www.bengalinews.net)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসে বহিরাগত সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ দিয়েছিল আশপাশের কিছু লোকজনও। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতিগুলোয় কড়া নিরাপত্তা ব্যবস্থাতেও তাই বাসিন্দাদের উদ্বেগ কাটেনি। রামু ও উখিয়ার বিভিন্ন বৌদ্ধ এলাকয় দেখা গেছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে সন্দেহ, অবিশ্বাস আর আস্থাহীনতা। আশেপাশের এলাকার লোকজন বাইরে থেকে আসা উগ্রপন্থীদের সাথে হামলায় অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয় মানুষ।
ধর্মীয় উস্কানিতে মন্দির ও বসতঘরে হামলার পর থেকে রামুর মেরংলোয়া পাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার পশ্চিম মরিচ্যা, কোর্ট বাজার এলাকার বৌদ্ধ পরিবারগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে এখনও সন্ত্রস্ত। প্রসঙ্গত, ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালার্য়র্ ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে। মেরংলোয়া পাড়া সীমা রাজবন বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, 'আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যাদের সাথে দীর্ঘদিন একসাথে বাস করছি তাদের কাউকে কাউকে আর বিশ্বাস করতে, তাদের ওপর আস্থা রাখতে পারছি না।'এলাকায় সেনাবাহিনীর টহল, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যদের উপস্থিতি থাকলেও তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছেন না বলে জানান তিনি। উখিয়া কোটবাজার এলাকার বাসিন্দারা জানান, ধর্মীয় মৌলবাদী একটি গোষ্ঠীর উস্কানিতে রোহিঙ্গারাও এ হামলায় অংশ নিয়েছে। এখানে রোববার রাতে ভেঙ্গে দেয়া হয় শাসনতীর্থ সুদর্শন বিহার। এদিকে, রামুর মেরং লোযাপাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার কোটবাজার, মরিচ্যা এলাকায় পুড়িয়ে দেয়া বসতঘরের লোকজনদের মাঝে প্রশাসন ও সেনাবাহিনীর তরফ থেকে ত্রাণ দেয়া হয়েছে। দেয়া হয়েছে থাকার জন্য তাঁবুও। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের অনেকেই রোববার রাতে নিরাপত্তার অভাবে পালিয়েছেন এলাকা ছেড়ে। এদিকে এই ঘটনায় সারা বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন