
নিউজ ডেস্ক, আগরতলা, ২৫ আগস্ট(www.bengalinews.net)- আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের আসন বন্টন, প্রার্থী তালিকা চূড়ান্ত করা সহ নির্বাচনী রণকৌশল ঠিক করতে আজ থেকে আগরতলা মেলারমাঠে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির দু'দিনের বৈঠক। এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর আগেই ইঙ্গিত দিয়েছিলেন ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৫৬টি আসনে লড়বে সিপিআইএম। শরীকদের জন্য ছেড়ে দেয়া হবে চারটি আসন। পূর্বের নির্বাচনে অবশ্য পাঁচটি আসনই বরাদ্ধ ছিল বামফ্রন্টের শরীক তিনদল সিপিআই, ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি'র জন্য। কিন্তু শালগড়া কেন্দ্রের বিধায়ক পার্থ দাসের জাল তপশীলি জাতির শংসাপত্র নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রয়েছে বামফ্রন্ট। তাছাড়া শালগড়া আসনটি ডিলিমিটেশানের কারনে শালগড়া-কাকরাবন হয়ে যাচ্ছে। তাই আর এস পি'র এই আসনেও এবার প্রার্থী দেবে সিপিআইএম খুব সম্ভবত। এছাড়া ৫৬টি কেন্দ্রে কোন কোন প্রার্থী কে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে এনিয়েও আজ এবং কালকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া বিধায়ক পার্থ দাস ইস্যুতে পার্টির পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়েও আলোচনা হবে
বলে খবর। খবর, সিপিআই কে আগরতলা বনমালীপুর এবং শান্তিরবাজার আসন দুটি দেয়া হবে। এই আসন দুটিতে অবশ্য ইতিপূর্বে সিপিআই প্রার্থীরাই প্রতিদন্ধী ছিল। এছাড়া বাকি দুটি আসন পাচ্ছে ফরোয়ার্ড ব্লক এবং আর এস পি। আসনগুলি হল আর কে পুর, এবং টাউন বড়দোয়ালি। আর এস পি শালগড়া আসনটি হারাচ্ছে। দুদিনের বৈঠক শেষেই ঘোষণা হতে পারে সিপিআইএম'র প্রথম পর্বের প্রার্থী তালিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন