
নিউজ ডেস্ক, ২২ সেপ্টেম্বর, কলকাতা(www.bengalinews.net)- অবশেষে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসের ছয় মন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ মানস ভুঁইঞার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেন, আবু হেনা, আবু নাসের খান চৌধুরী, সুনীল তিরকে, প্রমথনাথ রায় এবং সাবিনা ইয়াসমিন।
মহাকরণ থেকে বেরিয়ে এসে মানস ভুঁইঞা জানান, গত এক বছরে কংগ্রেসের মন্ত্রীরা ভাল কাজ করেছেন বলে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে প্রয়োজনে কংগ্রেসের মন্ত্রীদের যোগাযোগ করার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থন প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে বার্তা নিয়ে এরপর কংগ্রেসের বিদায়ী মন্ত্রীরা যান রাজ্যপালের কাছে।
ষোলো মাসের সম্পর্কের আপাতত ইতি টেনে মহাকরণ থেকে এরপর রাজভবন যান কংগ্রেসের মন্ত্রীরা। সরকারের ওপর থেকেও সমর্থন প্রত্যাহারের চিঠি প্রদীপ ভট্টাচার্য তুলে দেন রাজ্যপালের হাতে। সন্ধে ছটার পর কংগ্রেস পশ্চিমবঙ্গে ফের বিরোধী দল। ষোলো মাসের মধ্যেই ভেঙে গেল জোট। দুই শিবিরের বিচ্ছেদের পর, শুরু হয়ে গেছে রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক। তৃণমূল শিবির মনে করছে কংগ্রেসকে বাদ দিলে তাদের কোনও ক্ষতি হবে না। অন্যদিকে, কংগ্রেসের বিশ্বাস একলা চললে সাংগঠনিক শক্তি তাদের আরও বাড়বে। সব মিলে একটা নতুন সমীকরণের মুখে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের রাজনীতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন