শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২

অসুস্থ নেলসন ম্যান্ডেলা হাসপাতালে

জোহানেসবার্গ,২৫ ফেব্রুয়ারি (www.bengalinews.net)- অসুস্থ নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার জানায়, দীর্ঘদিন ধরে পাকস্থলীতে সমস্যায় ভোগায় শনিবার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)’র সাবেক এই নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৯৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিশেষ চিকিৎসা প্রয়োজন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে বলা হয়েছে, “দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের সব মানুষের ভালবাসা ও শুভকামনা তাঁর সঙ্গে রয়েছে। আট বছর আগে সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের জীবন্ত এই কিংবদন্তী। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সমাপণী অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হয়েছিলেন তিনি। শান্তিতে নোবেল বিজয়ী এই রাজনীতিক দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামে পরিচিত। বর্ণ বিরোধী আন্দোলনের জন্য ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। মুক্তির পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। ১৯৯৯ সালে ক্ষমতা থেকে স্বেচ্ছায় সরে যান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন