রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

লন্ডনে আক্রান্ত ভারতীয় ছাত্র, গ্রেফতার ১১

নিউজ ডেস্ক, ১২ জানুয়ারি- আবার ব্রিটেনে আক্রান্ত ভারতীয় ছাত্র। গত দু'মাসে আরও তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে ব্রিটেনে দুষ্কৃতিদের হামলায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে পূর্ব লন্ডনের নিউহ্যাম বরোতে হামলা চালানো হয় আঠাশ বছরের প্রবীণ রেড্ডির উপরে। তিনি হায়দরাবাদের বাসিন্দা। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, প্রবীণের উপরে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এরপর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ প্রবীণকে সংকটজনক অবস্থায় নিউহ্যাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদের মধ্যে ৪ জন পুলিসি হেফাজতে আছে। সাত জন জামিনে মুক্ত। আহতের পরিচয় সম্পর্কে স্কটল্যান্ড ইয়ার্ড কোনও তথ্য না দিলেও সূত্রের খবর লন্ডন বিজনেস স্কুলে এমবিএ পড়তে গিয়েছিলেন প্রবীণ। এই ঘটনায়, প্রবীণের পরিবারকে পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত সরকার। শনিবার বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণা লন্ডনে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার রাজেশ প্রসাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রবীণের বাবা সুধাকর রেড্ডিকে ব্রিটেনে যাওয়ার ভিসা দেওয়ার ক্ষেত্রেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই নিয়ে গত দু`মাসে ৪ জন ভারতীয় ছাত্র আক্রান্ত হলেন। আগের তিনটি ঘটনায় আক্রান্তরা সকলেই মারা গিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন